গোধূলির গান

কল্পোত্তম


প্রজাপতি উড়তে উড়তে কার আঙিনায় বসবে
কার আঙিনায় শোভা বাড়াবে
নিশ্চিত জানে না কেউ,
প্রজাপতি উড়তে উড়তে উড়ে যায় দিগন্তের দিকে।

রঙিন ডানা, রঙিন মন
রঙিন পথের চারপাশ না তাকিয়ে
স্বপ্ন বুনে যায় নিরন্তর,
স্বপ্ন বুনে যায় পাখির ঠোঁট
পলাশের রং আর
পার্বত্য অঞ্চলীয় ছায়াঘন রঙির কোরাসে।

পাহাড়ের ঢালে ঢালে জমে ওঠা
কোরাসে কোরাসে  
জেগে থাকে মায়ারাত
ঢলে পড়ে অনায়াস ঘুমে 
শতরাত জেগে থাকা পাহাড়ী পুরুষ। তারপর
মাঝরাতে জেগে ওঠা চাঁদের আলোয়
ডানা কাঁপে শত-জল-ঝর্ণায় ডুব দেওয়া 
রমন পিয়াসী শত কোরাস শ্রোতার।

তখনও মায়ার খেলা বিদেহী নগরে 
ঠান্ডা হাওয়া ছুঁয়ে যায়
স্বপ্নমাখা বুননে বুননে
পড়ে থাকে চলনের দাগ,
ছড়িয়ে ছড়িয়ে থাকা আমাদের ইচ্ছে রাশি রাশি
ছুঁয়ে যায়, সমুদ্রের ঘ্রাণ নিয়ে জেগে ওঠা
পাখির সুবাস।

এহেন দিনের শেষে কোরাসের ছন্দ ভেঙে এলে
নতুন পথের মোহে
শত্রুকেও মিত্রবৎ করে
যুগপৎ বসে থেকে পুরনো ডেরায়
শুনে যায় গোধূলির গান।



০৯/১০/২০২০

ছবি : শিল্পী দেবাশীষ সাহা